Advertisement

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

এশিয়া পোস্ট নিউজ, রাজশাহী
রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ
মানচিত্রে রাজশাহী। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কাজ শেষে বাড়ি ফেরার পথে রাজশাহীর পদ্মা নদীতে একটি ডিঙ্গি নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা দেড়টার দিকে রাজশাহী মহানগরীর পদ্মা নদীর বড়কুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন—কাফসার (৬০) ও তার ছেলে জিয়ারুল (৪০)। তাদের বাড়ি মহানগরীর শ্যামপুর বালিরঘাট এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ শেষে একটি ডিঙ্গি নৌকায় করে আটজন বাড়ি ফিরছিলেন। নৌকাটি বড়কুঠি এলাকার পদ্মা নদীর মাঝামাঝি পৌঁছালে তীব্র স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কাফসার ও তার ছেলে জিয়ারুল নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

নিখোঁজ কাফসারের স্ত্রী বলেন, প্রতিদিনের মতো কাজ শেষে তারা বাড়ি ফিরছিলেন। নদীর মাঝখানে তীব্র স্রোতের কারণে নৌকাটি তলিয়ে যায়। এরপর থেকেই তার স্বামী ও ছেলে নিখোঁজ রয়েছেন। তাদের দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুতি জানান তিনি।

এদিকে রাজশাহীতে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের। তা সত্ত্বেও নৌকায় করে নদীর বিভিন্ন পয়েন্টে নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালাচ্ছেন তারা।

এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মঞ্জিল হক বলেন, কতজন নিখোঁজ রয়েছেন তার স্পষ্ট সংখ্যা না থাকলেও স্থানীয়রা দুজনের কথা জানিয়েছেন। তাদের উদ্ধারে ছয় সদস্যের একটি ডুবুরি দল কাজ করছে। উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

বিষয় :রাজশাহী