logo

এবার প্রশিক্ষণ কেন্দ্র থেকে বহিষ্কার সাবেক এনসিপি নেতা

এবার প্রশিক্ষণ কেন্দ্র থেকে বহিষ্কার সাবেক এনসিপি নেতা
সাবেক এনসিপি নেতা আলী আজম। ছবি: সংগৃহীত

বগুড়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে আলী আজম সাব্বির খানকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ জুন) তাকে বহিষ্কারের কথা জানিয়ে টিটিসি থেকে অফিস আদেশ জারি করা হয়।

আলী আজম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়ার শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে সম্প্রতি টিটিসি নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ ও ইভটিজিংয়ের অভিযোগ ওঠে।

টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং ও রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (আরএসি) ট্রেডের প্রশিক্ষণার্থী আলী আজম প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

নারী প্রশিক্ষণার্থীদের হয়রানি, অশালীন ও অনভিপ্রেত আচরণের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশটি তাৎক্ষণিক কার্যকর করার নির্দেশ দিয়েছে টিটিসি।

এ বিষয়ে টিটিসির অধ্যক্ষ এস এম ইমদাদুল হক বলেন, ‘প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও প্রশিক্ষণের পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

গত ২৪ মে টিটিসির এক নারী প্রশিক্ষণার্থী ইভটিজিংয়ের অভিযোগে আলী আজমকে জুতাপেটা করেন। ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।

কয়েকজন নারী প্রশিক্ষণার্থী অভিযোগ করেন, তাদের ফোনে কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন এবং অশালীন প্রস্তাব দিতেন আলী আজম। প্রকাশ্যেও তিনি একাধিক নারী প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ ওঠে। ক্ষুব্ধ প্রশিক্ষণার্থীরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সমালোচনার মুখে গত শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে আলী আজমকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে এখনও কেন্দ্রীয় দপ্তর বা জেলা শাখার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

সার্বিক বিষয়ে জানতে আলী আজমের ফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।