বিয়ের দাওয়াত না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল প্রবাসীর

সুনামগঞ্জের দিরাইয়ে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ধল পূর্ব আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আঞ্জুর মিয়া (৪৫)। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার একটি বিয়ের দাওয়াত দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে ধল পূর্ব আশ্রম গ্রামের নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে শনিবার দুপুরে আনহার মিয়ার পাশের কনের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন। প্রতিপক্ষের মারধরে আঞ্জুর মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, বিয়ের দাওয়াত দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে ধল পূর্ব আশ্রম গ্রামে দুপক্ষের সংঘর্ষে একজন মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।