বাঁশখালীতে সমাবেশস্থলে মানুষের ঢল, অপেক্ষা প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাঁশখালীর সাগরপাড়ের প্রধানিমন্ত্রী তারেক রহমানের সমাবেশস্থলে সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন হাজারো মানুষ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকায় ছেয়ে গেছে চারপাশ।
আজ রোববার (৯ আগস্ট) সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা দলে দলে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠের সমাবেশস্থলে আসতে শুরু করেন। দুপুরের আগেই নির্ধারিত মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সেখানে স্থান না পেয়ে অনেকে মাঠসংলগ্ন সড়ক ও আশপাশের খোলা জায়গায় অবস্থান নিয়েছেন।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে আজকের এ সমাবেশের আয়োজন করা হয়েছে। তীব্র রোদ ও গরম উপেক্ষা করে স্থানীয় বাসিন্দারা মূল মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন। বন্যাকবলিত এলাকার সুবিধাবঞ্চিত মানুষগুলো তাদের প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং বক্তব্য শুনতে উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন।
সমাবেশকে কেন্দ্র করে বাঁশখালীজুড়ে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও মাঠের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। এলাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে প্রটোকল টহল ও তল্লাশির পাশাপাশি প্রধান প্রধান সড়কে যান চলাচল কিছুটা নিয়ন্ত্রিত রাখা হয়েছে।


