ঘরে স্ত্রীর মরদেহ, স্বামী পলাতক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বসতঘর থেকে গৃহবধূর মরদহে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শিল্পী বেগম ওই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে মিন্টু মিয়া পলাতক রয়েছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মিন্টু মিয়া কোনো কাজকর্ম করতেন না। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ ও মারধরের ঘটনা ঘটত। পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, শিল্পী বেগমের শোবারঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর স্বামী মিন্টু মিয়াকে আটকের চেষ্টা চলছে।