logo

রামেবি উপাচার্যকে ‘মব’ করে পদত্যাগ করানোর ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

রামেবি উপাচার্যকে ‘মব’ করে পদত্যাগ করানোর ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি : এশিয়া পোস্ট

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে ‘মব’ করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর ও দাপ্তরিক কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় আব্দুস সালাম (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাজপাড়া থানায় মামলাটি করেন উপাচার্যের একান্ত সচিব মো. নাজমুল হোসাইন। মামলায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অস্থায়ী কার্যালয়ে দাপ্তরিক বৈঠক চলছিল। এ সময় ৫০ থেকে ৬০ জন ব্যক্তি দলবদ্ধ হয়ে কার্যালয়ে প্রবেশ করেন। তারা উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকসহ সেখানে থাকা কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে টানাহেঁচড়া ও মারধর করেন এবং দাপ্তরিক কাজে বাধা দেন। একপর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আগে থেকে প্রস্তুত করা একটি পদত্যাগপত্রে উপাচার্যের স্বাক্ষর নেওয়া হয়। একইভাবে বাদী নাজমুল হোসাইনের কাছ থেকেও রামেবির চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ইস্তফাপত্রে জোরপূর্বক স্বাক্ষর করানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বাধা দিলে এবং কেউ কেউ ভিডিও ধারণের চেষ্টা করলে তাদের মারধর করা হয়। এতে কয়েকজন আহত হন বলে এজাহারে দাবি করেছেন বাদী।

মামলায় অভিযোগ করা হয়, ঘটনার প্রমাণ মুছে ফেলার উদ্দেশ্যে হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক, এনভিআর মেশিন ও কম্পিউটারের সিপিইউ নিয়ে যান। পরে উপাচার্যের কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয় এবং কেউ তালা খোলার চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ছাড়া কার্যালয়ের বৈদ্যুতিক ও ইন্টারনেট সংযোগের তার কেটে ক্ষতিসাধন করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান এশিয়া পোস্টকে জানান, গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আব্দুস সালামকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

তিনি আরও জানান, বাকি আসামিদের ধরতে পুলিশের জোরদার অভিযান চলছে।

এদিকে উপাচার্যকে ‘মব’ করে পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একদল উৎপাতকারী জোর করে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে তাকে ও তার একান্ত সচিবকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এর আগে বুধবার সকাল থেকে রামেবির অস্থায়ী কার্যালয়ে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অভিযোগ, কর্মস্থলে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিবেশের জন্য উদ্বেগজনক।

গত মঙ্গলবার ‘রাজশাহীর আপামর ছাত্র-জনতা’ লেখা একটি ব্যানার নিয়ে ৫০ থেকে ৬০ জন ব্যক্তি স্লোগান দিতে দিতে উপাচার্যের অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করেন। পরে তারা উপাচার্যের কক্ষে ঢুকে আগে থেকে লিখে আনা পদত্যাগপত্রে স্বাক্ষর করতে চাপ দেন। উপাচার্য এতে অস্বীকৃতি জানালে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং একপর্যায়ে জোরপূর্বক স্বাক্ষর আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।