logo

সুন্দরবনে ২৪ ঘণ্টায় আরও ছয় জেলে অপহরণ

সুন্দরবনে ২৪ ঘণ্টায় আরও ছয় জেলে অপহরণ
সুন্দরবন। ছবি: সংগৃহীত

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে মুক্তিপণের দাবিতে জেলে অপহরণ থামছেই না। গত ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ছয় জেলেকে অপহরণের ঘটনা ঘটেছে।

বুধবার (২০ মে) রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকার নদীতে নৌকা ও ট্রলারে হামলা চালিয়ে ছয় জেলেকে অপহরণ করা হয়।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহৃতরা হলেন—বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হাফিজুল, তার ভাই ফাইজুর ও বেল্লাল মীর, ছলেমান, বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের হাসিব এবং একই এলাকার নাম-পরিচয় না জানা আরও এক জেলে।

এর আগে মঙ্গলবার রাতে শরণখোলা রেঞ্জের ফুসফুসের চর এলাকার নদী থেকে ১২ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহিনে নিয়ে যায় বনদস্যুরা।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৮ জেলে অপহরণের ঘটনায় সুন্দরবনে জেলে ও মৌয়ালদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সুন্দরবন বিভাগ জানিয়েছে, অপহৃত ১৮ জেলেকে উদ্ধারে স্মার্ট প্যাট্রোলিং টিমসহ বনরক্ষীরা অভিযান চালাচ্ছেন।

ফরেস্টার মো. মিজানুর রহমান জানান, বুধবার রাতে ছাপড়াখালী এলাকায় মাছ আহরণের সময় নৌকা ও ট্রলারে হামলা চালিয়ে বনদস্যুরা অস্ত্রের মুখে ছয় জেলেকে অপহরণ করে মুক্তিপণের দাবিতে গহিন অরণ্যে আটকে রেখেছে। মঙ্গলবার রাতে ফুসফুসের চর এলাকা থেকে ১২ জেলেকে অপহরণ করা হয়।

তিনি বলেন, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সুন্দরবনে জেলেদের জিম্মি করে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করছে। গত ২৪ ঘণ্টায় দুই দফায় অপহৃত ১৮ জেলেকে উদ্ধারে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।