চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটে আগুন

চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটের চতুর্থ তলায় আর্টিফিশিয়াল ফুলের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আবির ফুল বিতানের গোডাউনে এ আগুন লাগে।
গোলাম রসুল মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক নুর হোসেন উজ্জ্বল আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের দ্বিতীয় তলায় আবির ফুল বিতানের দোকান রয়েছে। চতুর্থ তলায় প্রতিষ্ঠানটির গোডাউনে আর্টিফিশিয়াল ফুল রাখা ছিল। সেখানেই আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তাঁরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাতের সঠিক কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

