মোবাইল চার্জার নিয়ে ছেলের সঙ্গে বাগ্বিতণ্ডা, প্রাণ গেল বাবার

মোবাইল চার্জার খোঁজাখুঁজি নিয়ে ছেলের সঙ্গে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির মধ্যে মহিন মিয়া (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর নিহতের ছেলে জিসানকে হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) ভোরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহিন মিয়া পেশায় একজন দুধ বিক্রেতা ছিলেন। তিনি রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে মহিন মিয়া বাসায় ফিরে জিসানের কাছে তার মোবাইলের চার্জারটি কোথায় আছে জানতে চান। জিসান সকালে কাজে যাওয়ার কথা জানিয়ে তাকে বিরক্ত না করে চার্জারটি খুঁজে নিতে বলে। এ নিয়ে মহিন মিয়া ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করলে উভয়ের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে মহিন মিয়া ছেলের গলা চেপে ধরেন। এ সময় ছেলে জিসান তার বাবার অণ্ডকোষে চাপ দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে জিসান চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ ও উপ-পরিদর্শক (এসআই) ফাইজুর খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত মহিন মিয়া রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরেছিলেন।
তিনি আরও বলেন, অভিযুক্ত জিসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)





