৫ টাকার বিরোধে ভাইকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিলের মাত্র পাঁচ টাকা কম দেওয়া নিয়ে বিরোধের জেরে আলমগীর হোসেন নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, দুই ভাইয়ের যৌথ বিদ্যুৎ সংযোগ ছিল। চলতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধের সময় আলমগীর তার অংশের টাকা দেওয়ার ক্ষেত্রে পাঁচ টাকা কম দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে তীব্র বিরোধে রূপ নেয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলমসহ কয়েকজন আলমগীরকে ঘিরে ধরে মারধর শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাকে কিল-ঘুসি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে চলে যান অভিযুক্তরা।
পরে স্থানীয়রা উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীরা জানান, দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই জমিজমা-সংক্রান্ত বিরোধ ছিল। সাম্প্রতিক এই ঘটনার পেছনে সেই বিরোধের প্রভাবও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযুক্ত খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।