logo

প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেট সার্কিট হাউসে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরিফুল হক চৌধুরী। ছবি : এশিয়া পোস্ট

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবে বিভিন্ন দেশে সমস্যায় পড়া প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি মিশনগুলো প্রবাসীদের সার্বক্ষণিক সহযোগিতা করছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউসে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওমানে বাংলাদেশি কর্মীদের ভিসা বাতিলসহ বিভিন্ন দেশে প্রবাসীদের সমস্যার বিষয়ে মন্ত্রী বলেন, এসব পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সামগ্রিক সংঘাতের প্রভাব রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি মিশনগুলো ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খোঁজখবর নেওয়া, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ, নিহতদের মরদেহ দেশে আনা এবং তাদের পরিবারের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছে।

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের তথ্য ও আলোচনা হচ্ছে। প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা ও আলোচনা করেন এমন ব্যক্তিদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক করা হবে।

তিনি বলেন, ওই বৈঠকে সরকারের নেওয়া পদক্ষেপ, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। তথ্য যাচাই না করে কোনো বক্তব্য বা প্রচারণা না চালানোর জন্যও তিনি আহ্বান জানান।

সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, মাদক ও চোরাচালানসহ দীর্ঘদিনের অনিয়ম বন্ধে সরকার কাজ করছে। এসব কার্যক্রম বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত ও সচেতন করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে বর্তমান ও অতীতের পরিসংখ্যান তুলনা করে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নকাজ শুরু হয়েছে। তবে বড় কোনো প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাই, অর্থ বরাদ্দসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। পর্যায়ক্রমে এসব উন্নয়নকাজ দৃশ্যমান হবে। ডিসেম্বরের পর উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে বলেও জানান তিনি।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিলেটের তিনটি উপজেলাসহ সারা দেশে অতীতের মতো শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনগণের সহযোগিতায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করা হবে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।