সালিশ বৈঠকে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, আহত ২০

কুমিল্লার লালমাই উপজেলায় মাইজভান্ডারী মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের সিংহরিয়া গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জাফরপুর গ্রামে অনুষ্ঠিত একটি মাইজভান্ডারী মাহফিলকে কেন্দ্র করে সিংহরিয়া ও জাফরপুর গ্রামের যুবকদের মধ্যে কথাকাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে সোমবার রাতে বিষয়টি মীমাংসার লক্ষ্যে সিংহরিয়া ক্লাবে একটি বৈঠকের আয়োজন করা হয়। এতে বিএনপি নেতাসহ উভয়পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।
সালিশ বৈঠকের একপর্যায়ে তর্ক-বিতর্ক শুরু হলে দ্রুত উত্তেজনায় রূপ নেয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গুরুতর আহত সুমন মিয়াকে প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, আগের ঘটনার জেরে উভয়পক্ষ মীমাংসার জন্য বসেছিল। সেখানেই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।