logo

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেছে বিএসএফ
ব্রাহ্মণপাড়া থানা। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীমান্ত দিয়ে মাদক উদ্ধার অভিযানে যাওয়া দুই পুলিশ সদস্যকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১টায় এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাক্ষণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার একটি ডিউটি পার্টি সিএনজিচালিত অটোরিকশাযোগে রাতের দায়িত্ব পালনকালে শশীদল ইউনিয়নের আশা বাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারের অভিযানে যাচ্ছিল।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন ডিউটি পার্টির কনস্টেবল রোহিত দেওয়ান তার পিছু ধাওয়া করেন। এক পর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকেরা ওই কনস্টেবলকে আটক করেন।

পরে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। এরপর সেখানে উপস্থিত বিএসএফ সদস্যদের ডাকা হয়। পরে বিএসএফের সদস্যরা দুই পুলিশ সদস্যকে আটক করে। আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে ব্রাক্ষণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন এশিয়া পোস্টকে বলেন, মাদক কারবারিকে ধরতে গেলে এ ঘটনা ঘটে। বিএসএফ এর সঙ্গে কথা হয়েছে এবং তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আগামীকাল এ বিষয়ে বিস্তারিত কথা বলবো।