শিশুর প্রাণ বাঁচাতে দুর্ঘটনায় মোটরসাইকেলচালক, লড়ছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা

পিরোজপুরের নাজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিজান খান (৩৫) নামের এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। রাস্তার ওপর হঠাৎ চলে আসা এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসিফ মাহমুদ। এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার শাঁখারীকাঠী বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত মিজান খান নাজিরপুর উপজেলা সদরের বাসিন্দা মোজাহার খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিজান সাতকাছিমিয়া ব্রিজসংলগ্ন নদী পার হয়ে শাঁখারীকাঠী স্কুলের সামনের সড়ক দিয়ে শাঁখারীকাঠীর দিকে যাচ্ছিলেন। এসময় তার সামনে একটি শিশু সাইকেল চালাচ্ছিল। হঠাৎ শিশুটি সাইকেলসহ রাস্তার মাঝখানে চলে এলে তাকে বাঁচাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার সময় তার চোখে সানগ্লাস থাকায় তা ভেঙে নাক, চোখ ও মাথার বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসিফ মাহমুদ এশিয়া পোস্টকে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অবস্থায় মিজানকে হাসপাতালে আনা হয়। তার নাকের হাড় ভেঙে মুখের ভেতরে ঢুকে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের আশঙ্কা রয়েছে। এ ছাড়া রোগীর রক্তবমি ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
