নিখোঁজের ১২ ঘণ্টা পর বাঁধনের ভাসমান মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর ভাসমান অবস্থায় এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে রেজুরকুল এলাকার রেজুখালের মোহনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত স্কুলছাত্র কৌশিক বড়ুয়া বাঁধন (১৩) স্থানীয় বাসিন্দা পতন বড়ুয়ার ছেলে। এদিকে সন্তানকে হারিয়ে পতন বড়ুয়া ও শিখা বড়ুয়া দম্পতির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে বাঁধন নিখোঁজ ছিল। ছেলের সন্ধানে বাবা পতন বড়ুয়া উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার করা হয়।
রাত ১০টার দিকে বাঁধনের এক বন্ধু জানায়, সন্ধ্যার দিকে তারা রেজুখালের মোহনায় থাকা একটি গাছে বরই পেড়ে খাচ্ছিল।
স্থানীয় বাসিন্দা দীপক বড়ুয়া জানান, বরই পাড়ার সময় একপর্যায়ে বাঁধন খালে পড়ে গেলে তার বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এছাড়া ভীতসন্ত্রস্ত হওয়ায় সে ঘটনা প্রকাশ করতে বিলম্ব করে।
এদিকে খবরটি ছড়িয়ে পড়লে খাল সংলগ্ন এলাকায় জড়ো হন হাজারো মানুষ। নিখোঁজ বাঁধনকে খোঁজার পাশাপাশি স্থানীয় বিহারের বৌদ্ধরা ধর্মীয় রেওয়াজে প্রার্থনা ও ত্রিপিটক থেকে মন্ত্র পাঠ করতে থাকেন। পরে সকালে বাঁধনের মরদেহ ভাসমান অবস্থায় দেখা গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয় এক স্কুলশিক্ষক জানান, দুর্ঘটনাবশত কিংবা অন্য কোনো কারণে বাঁধন খালে পড়ে মারা যেতে পারে। কিন্তু এ যুগে এসেও কুসংস্কার ছড়িয়েছে। কিন্তু বাস্তবে এই মিথের উপযুক্ত প্রমাণ নেই। আসল রহস্য উদঘাটনে পুলিশের খতিয়ে দেখা উচিত।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ এশিয়া পোস্টকে বলেন, কীভাবে কিশোরটির মৃত্যু হলো বিষয়টি তদন্ত করে তারপর বলা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।