পদ্মা ব্যারাজ নির্মাণ করবে বিএনপি : তারেক রহমান

ধানের শীষ সরকার গঠন করলে পদ্মা ব্যারাজ প্রকল্পে হাত দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হবে জনগণের জয়যাত্রা। কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান তিনি।
এ ছাড়া রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও ঘোষণা দেন তারেক রহমান।
এর আগে সারা দেশে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান দুপুর ১২টায় আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছেন। এরপর তিনি সুফি সাধক শাহ মখদুম (র.)-এর মাজার জিয়ারত করেন।
ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে তিনি এই তিন জেলার বিএনপি মনোনীত মোট ১৩ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে বাবার স্মৃতিবিজড়িত ভূমি বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সন্ধ্যায় তিনি নওগাঁ পৌঁছে সেখানকার এটিএম মাঠে বক্তব্য দেবেন।
এরপর নওগাঁ থেকে বগুড়া যাত্রা করে রাত ৮টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। রাতে হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার বেলা ১১টায় তারেক রহমান নিজের নির্বাচনি এলাকার চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য দেবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় পৈতৃক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।

