রাজবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালীতে স্থানীয় সাংবাদিকদের রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি কর্মশালার আয়োজন করেছে কালুখালী প্রেসক্লাব।
শুক্রবার (১০ এপ্রিল) ‘রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কালুখালী প্রেসক্লাবের সভাপতি আবু তালেব মোল্লা (লালন) ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান বিপ্লবের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন আরটিভির সিনিয়র রিপোর্টার মো. আল আমিন খান।
কর্মশালায় সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধি, সংবাদমান উন্নয়ন এবং আধুনিক রিপোর্টিং কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রিপোর্টিংয়ের বিভিন্ন দিক নিয়েও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন প্রশিক্ষক।
কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদপত্র দেওয়া হয়। একইসঙ্গে কালুখালী প্রেসক্লাবের পক্ষ থেকে প্রশিক্ষককেও শুভেচ্ছা স্মারক উপহার দেয়া হয়।
কর্মশালা শেষে সভাপতির বক্তব্যে আবু তালেব মোল্লা (লালন) বলেন, ‘সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে। পাশাপাশি সাংবাদিকতার পরিধি সম্প্রসারণ ও মান উন্নয়নে কালুখালী প্রেসক্লাব সবসময় কার্যকর ভূমিকা পালন করবে।’
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান বিপ্লব বলেন, ‘আধুনিক সাংবাদিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। আর সে লক্ষ্য অর্জনে সবসময় কাজ করে যাবে কালুখালী প্রেসক্লাব।’