logo
Advertisement

সুন্দরবনে ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ, পুঁতে ফেলল বন বিভাগ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,খুলনা
সুন্দরবনে ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ, পুঁতে ফেলল বন বিভাগ
জব্দ করা ১৪৫ কেজি হরিণের মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করেছে বন বিভাগ। ছবি : এশিয়া পোস্ট

সুন্দরবনের বোতলখালী খাল এলাকা থেকে উদ্ধার করা ১৪৫ কেজি হরিণের মাংস আদালতের নির্দেশনায় মাটিতে পুঁতে বিনষ্ট করেছে বন বিভাগ। এ সময় পাচারে ব্যবহৃত একটি ডিঙি নৌকা এবং হরিণের মাথা ও পা জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উদ্ধার করা মাংস খুলনার কয়রা উপজেলা আদালত চত্বরে নেওয়া হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনায় মাংসগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, নলিয়ান ফরেস্ট রেঞ্জের রেঞ্জার আল আমিন ইসলামের নেতৃত্বে এবং হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনসহ টহল দলের যৌথ অভিযানে বোতলখালী খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে জব্দ করা হয় পাচারে ব্যবহৃত ডিঙি নৌকা, হরিণের মাথা ও পা।

হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নলিয়ান স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার আল আমিন ইসলাম বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী নিধন ও অবৈধ পাচার রোধে বন বিভাগ তৎপর রয়েছে। বনের সম্পদ রক্ষা ও পাচার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।