logo

স্বতন্ত্র প্রার্থীকে হুমকি, বিএনপির জহির উদ্দিন স্বপনকে শোকজ

স্বতন্ত্র প্রার্থীকে হুমকি, বিএনপির জহির উদ্দিন স্বপনকে শোকজ

বরিশাল-১ আসনে (গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা) স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও অব্যাহত হুমকির ঘটনায় বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনসহ সাতজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কমিটির প্রধান বরিশালের যুগ্ম ও জেলা দায়রা জজ মো. মনিরুজ্জামান এ সংক্রান্ত তিনটি নোটিশ জারি করেন। আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) স্বপনসহ নোটিশপ্রাপ্ত সবাইকে কমিটি প্রধানের অফিসে হাজির হয়ে এ ব্যাপারে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

একইসঙ্গে শোকজ নোটিশ জারি করে প্রতিবেদন বিচারকের দপ্তরে পাঠাতে গৌরনদী মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন ছাড়াও নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন তার সমর্থক সরিকল গ্রামের বিপ্লব প্যাদা, রুহুল আমিন মৃধা, বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের সেন্টু সিকদার, মশিউর সিকদার, সুমন খান, সাদ্দাম বাজার এলাকার রাসেল হাওলাদার ও ধানডোবা গ্রামের শাহজাহান ফকির। 

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল এশিয়া পোস্টকে জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তিনি নোটিশ পেয়েছেন এবং প্রত্যেকের নামে পাঠিয়ে দিয়েছেন। 

জহির উদ্দিন স্বপনকে দেওয়া নোটিশে বলা হয়েছে, স্বপনের নির্দেশে তার সমর্থকরা ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তার নেতাকর্মীদের বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন ও মারধর করেছে। এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় স্বপনকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

অন্য দুই নোটিশে স্বপনের সমর্থকদের বলা হয়েছে, তারা ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক হিসেবে একই আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনি গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলাকালে তার কর্মীদের বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন এবং মারধর করে শারীরিকভাবে আহত করেছেন, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করায় শাস্তিযোগ্য অপরাধ। তাদের একই দিন একই সময়ে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।