সাবেক সংস্কৃতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জে নাশকতার একটি মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারী রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
এর আগে, দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় কালী মন্দির এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রেজাউল করিম কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেওয়ানগঞ্জ উপজেলা শাখার ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক।
রেজাউল করিম দীর্ঘদিন সাবেক সংস্কৃতিমন্ত্রী এবং জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, রেজাউল করিমের বিরুদ্ধে আগে থেকেই নাশকতার একটি মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পূর্বের নাশকতা মামলায় রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
