পাংশায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে উত্তেজনা

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
পাংশায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে উত্তেজনা
ছবি: এশিয়া পোস্ট

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্যাসজনিত সমস্যায় ভর্তি হওয়া আনোয়ার শেখ (৫০) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। স্বজনদের অভিযোগ, দায়িত্বরত চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মৃত আনোয়ার শেখ উপজেলার রামকোল বাহাদুরপুর গ্রামের মৃত বাহাদুর শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জুন দিবাগত রাত ১টার দিকে গ্যাসজনিত শারীরিক সমস্যার কারণে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বজনদের দাবি, হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রাথমিক চিকিৎসায় আনোয়ার শেখের অবস্থার উন্নতি হয়েছিল। কিন্তু বুধবার বিকেলে একটি ইনজেকশন দেওয়ার পরপরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও স্থানীয়রা হাসপাতাল চত্বরে জড়ো হয়ে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।

নিহতের ভাই মো. কামাল হোসেন বলেন, রাতে গ্যাসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করি। চিকিৎসার পর ভাই অনেকটা সুস্থ ছিলেন। কিন্তু বিকেলে একটা ইনজেকশন দেওয়ার পরই তাঁর অবস্থার অবনতি হয় এবং তিনি মারা যান।

রোগীর আরেক স্বজন মো. ঝন্টু মোল্লা অভিযোগ করে বলেন, ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। রোগীর অবস্থা খারাপ হওয়ার পর প্রায় দুই ঘণ্টা ধরে দায়িত্বরত চিকিৎসককে ফোন করা হলেও তিনি হাসপাতালে আসেননি।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইনজামামুল হক শিহাব বলেন, রোগীটির চিকিৎসার দায়িত্বে ছিলেন আরএমও স্যার। তিনি উপস্থিত না থাকলে জরুরি প্রয়োজনে আমরা রোগীদের সেবা দিয়ে থাকি।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কুতুবুদ্দিনের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিষয় :রাজবাড়ী