সভায় বারবার ফোন, সিভিল সার্জনকে সভা ছেড়ে যেতে বললেন আইনমন্ত্রী

বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা চলাকালে বারবার মোবাইল ফোনে কথা বলায় সিভিল সার্জন ডা. আ স ম আব্দুর রহমানের ওপর ক্ষুব্ধ হয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা চলাকালে সিভিল সার্জন ডা. আ স ম আব্দুর রহমান একাধিকবার মোবাইল ফোনে কথা বলছিলেন। বিষয়টি নজরে এলে ক্ষুব্ধ হয়ে আইনমন্ত্রী তাকে উদ্দেশ করে বলেন, চারবার আপনি এখানে বসে ফোন করছেন।
একপর্যায়ে আইনমন্ত্রী তাকে সভাকক্ষ থেকে বের হয়ে যেতে বলেন, গেট আউট ফ্রম দিস রুম। তবে পরবর্তীতে আবার তাকে সভায় বসতে নির্দেশ দেন মন্ত্রী।
এ সময় আইনমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, আমরা এখানে গুরুত্বপূর্ণ ও গুরুত্ববহ বিষয় নিয়ে আলোচনা করছি। আপনার অসচেতনতার কারণে সবার মনোযোগ নষ্ট হচ্ছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন কার্যক্রম বিষয়ক এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।


