কলেজের ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, জানে না কর্তৃপক্ষ

জামালপুরের ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজের মূল ফটকের সীমানা প্রাচীরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শোক দিবসের ব্যানার টাঙানো হয়েছে। তবে প্রতিষ্ঠানের ফটকে এমন ব্যানার কীভাবে টাঙানো হলো—সে বিষয়ে কিছুই জানে না বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, কলেজের মূল ফটকের পাশের দেয়ালে কালো রঙের একটি ব্যানার টাঙানো রয়েছে। ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে। ব্যানারের ওপর লেখা—‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’। এ ছাড়া ১৫ আগস্ট উপলক্ষ্যে শ্রদ্ধা জানিয়ে নিচে লেখা রয়েছে—‘বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা, জামালপুর’।
সবচেয়ে নজর কেড়েছে ব্যানারটি টাঙানোর স্থান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়ালে লেখা ‘আমার ভাই মরল কেন, জবাব চাই’ এবং ‘রাজনীতি বুঝি না, চাই একটি স্বাধীন দেশ’। এমন দেয়াললিখনের ওপরই নিষিদ্ধ সংগঠনটির ব্যানারটি সাঁটানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, জনরোষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গভীর রাতে বা ভোরের দিকে গোপনে ব্যানারটি টানিয়ে সটকে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। তারা নিষিদ্ধ সংগঠন, তাই সারা দেশেই গোপনে নানা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা সজাগ রয়েছে। জামালপুরের কোথাও এমন কার্যক্রম আর ঘটতে দেওয়া হবে না।’
এ বিষয়ে জানতে চাইলে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মো. শওকত আলম মীর বলেন, ‘কলেজের দেয়ালে ব্যানার টাঙানোর বিষয়ে আমি কিছুই জানি না।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘বিষয়টি সম্পর্কে থানা-পুলিশ অবগত ছিল না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম, খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’



