Advertisement

সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারের দাবিতে অনশন

এশিয়া পোস্ট নিউজ, সিরাজগঞ্জ
সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারের দাবিতে অনশন
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারের দাবিতে অনশন। ছবি: এশিয়া পোস্ট

সিরাজগঞ্জে সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নাকে হত্যার হুমকির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারের দাবিতে অনশন পালন করেছেন ভুক্তভোগী।

বুধবার (২৯ জুলাই) বিকেল পর্যন্ত দ্বিতীয় দিনের মতো জেলা শহরের স্টেশন চত্বরে তিনি অনশন চালিয়ে যাচ্ছিলেন। তার সঙ্গে যোগ দেন স্থানীয় অনেকে।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার অনশন কর্মসূচি শুরু হয়। অনশন থেকে অভিযুক্তের গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

শরীফুল ইসলাম ইন্না সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি।

অভিযুক্ত ছানোয়ার হোসেন সানু জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

এর আগে গত ২৭ জুলাই পরিবারের নিরাপত্তা চেয়ে ও ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করে শরীফুল ইসলাম ইন্না পরিবার।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তদন্তের অনুমতি চেয়ে জিডির কপি আমরা কোর্টে পাঠিয়েছি। কোর্ট থেকে আমাদের তদন্তের নির্দেশ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।