Advertisement

ময়মনসিংহ মেডিকেল থেকে ১৪ দালাল আটক

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেল থেকে ১৪ দালাল আটক
আটক দালালরা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ১৪ দালালকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়। পরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান তাঁদের মধ্যে আট জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ছয় জনকে অর্থদণ্ড দেন।

আটক দালাল চক্রের সদস্যরা হলেন—মো. আতিকুল ইসলাম (৪০), মোহাম্মদ রফিক আলী (৪৫), ইমরান বাদশা (৩০), আসাদ (৪৭), আহসান উল্লাহ (৩৭), মনির (৪৫), টুটুল আমিন (৪০), আনিস হোসেন (৪০), মো. রানা (৩০), মো. সোহাগ মিয়া (৩১), মনির হোসেন (৩৭), শিলা আক্তার (৫১), জীবন হোসেন (২৮) এবং আক্তার হোসেন (৩১)।

র‌্যাব সূত্রে জানা যায়, হাসপাতালে দালালদের প্রতারণার বিষয়টি জানতে পেরে দুপুরে দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪-এর একটি দল। এতে নেতৃত্ব দেন র‌্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান। অভিযানে ১ নারী ও ১৩ পুরুষসহ মোট ১৪ দালালকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও প্রবেশপথে অবস্থান নিয়ে রোগী ও তাদের স্বজনদের লক্ষ্যবস্তু বানাত। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা দরিদ্র ও অসহায় রোগীদের ভুল তথ্য দিয়ে হাসপাতালের চিকিৎসাব্যবস্থা সম্পর্কে বিভ্রান্ত করত। পরে উন্নত ও দ্রুত চিকিৎসার আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান বলেন, হাসপাতালের ভেতর ও আশপাশের এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় :ময়মনসিংহ