চুয়াডাঙ্গায় ভুয়া আইনজীবী পরিচয়ে প্রতারণা, আটক ২

চুয়াডাঙ্গায় আইনজীবী পরিচয়ে প্রতারণা ও আইনি সহায়তার নামে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জেলা আইনজীবী সমিতির সদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা জজ কোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—কিশোরগঞ্জের বাসিন্দা সাগর আহমেদ, যিনি নিজেকে ঢাকা বার কাউন্সিলের আইনজীবী হিসেবে পরিচয় দিতেন এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিসপুর গ্রামের মকবুল হোসেন, যিনি তার সহকারী (মুহুরি) হিসেবে পরিচয় দিতেন।
ভুক্তভোগী ও আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে জমিজমাসংক্রান্ত বিরোধ মেটানো এবং বিভিন্ন মামলার পক্ষে রায় পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। প্রাথমিকভাবে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে তাদের বিরুদ্ধে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে।
প্রতারণার বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীরা জেলা আইনজীবী সমিতিতে বিষয়টি জানালে সমিতির সদস্যরা সাগর ও মকবুলকে হাতেনাতে আটক করে সদর থানা-পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আইনজীবী সমিতির সহায়তায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। সাগর আহমেদ প্রকৃতপক্ষে তালিকাভুক্ত আইনজীবী কি না—তা যাচাই করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ সাপেক্ষে তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)

