ছাগল পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদীতে ছাগলে পাতা খাওয়াকে কেন্দ্র করে ৬০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মাহাবুল হোসেন (৬০) ওই এলাকার মৃত আজু প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী মো. বাশার মুন্সি ও তার বড় ভাই মো. তোসলিম মুন্সির সজিনা গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে বিরোধ মারামারিতে রূপ নেয়। এ সময় বাশার মুন্সি ও তোসলিম মুন্সি লিচু ভাঙার কোটা ও বাঁশের বাতা দিয়ে মাহাবুলের ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাহাবুলের মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মো. বাশার মুন্সিকে গ্রেপ্তার করেছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
