logo
Advertisement

চুয়াডাঙ্গা সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

এশিয়া পোস্ট নিউজ,চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
তিনজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করে বিজিবি। ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সতর্ক ও তাৎক্ষণিক দৃঢ় অবস্থানের কারণে ভারতের অভ্যন্তর থেকে ওই তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি।

Advertisement

আজ রোববার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা একজন পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালান।

বিষয়টি দেখতে পেয়ে বিজিবির মাধবখালী বিওপির টহল দল তাৎক্ষণিক সীমান্তের শূন্যরেখায় তাদের বাধা দেয়। বিজিবির কড়া অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ব্যর্থ হন এবং ওই তিন ব্যক্তি শূন্যরেখা থেকে ভারতের প্রায় ৪০ গজ অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হন।

পরে ভোর সাড়ে ৫টার দিকে ওই তিন ব্যক্তি ভারতের কাঁটাতারের কাছে ফিরে যান। রোববার সকাল ৮টার দিকে বিএসএফের মেতেরী ক্যাম্পের সদস্যরা গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

এ বিষয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে কড়া প্রতিবাদসহ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিজিবি।

৫৮ বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ধরনের যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে টহল ও কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।