ভূমি ও প্রশাসনিক জটিলতায় থমকে ১৩৮ কোটি টাকার তিন সেতুর কাজ

ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ নির্ধারণ ও প্রশাসনিক জটিলতায় মাদারীপুরের শিবচর উপজেলায় তিনটি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজ থমকে গেছে। প্রায় ১৩৮ কোটি টাকার এসব অবকাঠামো প্রকল্পের কাজ মাঝপথে থেমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় কয়েক হাজার মানুষ।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কোনো সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ৪০ শতাংশ। কোথাও অর্ধেক কাজ শেষ হওয়ার পর থমকে আছে নির্মাণ কার্যক্রম। আবার কোথাও নদীর বুকে পিলার দাঁড়িয়ে থাকলেও দীর্ঘদিন ধরে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে জমির মালিকদের আপত্তি এবং প্রশাসনিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
কুতুবপুর সেতু
শিবচরের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো কুতুবপুর সেতু। কিন্তু ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা ও প্রশাসনিক প্রক্রিয়ার অনিশ্চয়তায় দীর্ঘদিন ধরে থমকে রয়েছে সেতুর নির্মাণকাজ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, প্রায় ২৯ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ৯০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে মাত্র ৪০ শতাংশ। কিন্তু
স্থানীয়দের ভাষ্যমতে, সেতুটি নির্মিত হলে নদীকেন্দ্রিক যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসত। কিন্তু কাজ বন্ধ থাকায় এখনও বিকল্প ঝুঁকিপূর্ণ সেতু ও পথ দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও নিয়মিত যাতায়াতকারী মানুষ।
চান্দেরচর সেতু
চান্দেরচর সেতুর অবস্থাও প্রায় একই। প্রায় ৬৬ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের নভেম্বরে। প্রকল্পের ব্যয় প্রায় ১০ কোটি ৭৫ লাখ টাকা। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের মে মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অগ্রগতি প্রায় ৫০ শতাংশ।
জমির ক্ষতিপূরণ না পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলমান থাকায় নির্মাণকাজ বাধাগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ফলে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেতুটি এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি।

চান্দেরচর বাজারের সঙ্গে আশপাশের জনপদের যোগাযোগের ক্ষেত্রে সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উমেদপুর, ভদ্রাসন, কুতুবপুর ও কাঁঠালবাড়ী ইউনিয়নের বাসিন্দারা এ পথে চলাচল করেন। সেতুর কাজ বন্ধ থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছায়। বিকল্প ও অস্থায়ী রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে যানবাহনচালক ও যাত্রীদের প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়তে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী কুদ্দুস মাদবর বলেন, চান্দেরচর বাজার একটি পুরোনো হাট। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়। কিন্তু সেতুর কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় আমাদের চলাচল ও পণ্য আনা-নেওয়ায় মারাত্মক কষ্ট হচ্ছে। সরকারের কাছে আমাদের জোর দাবি, দ্রুত যেন এই সেতুর নির্মাণকাজ শেষ করা হয়।
ভ্যানচালক কামাল হোসেন বলেন, এই পথে গাড়ি চালাতে গিয়ে আমাদের প্রতিনিয়ত কষ্ট করতে হয়। বিশেষ করে বৃষ্টি ও বর্ষা মৌসুমে সেতুর সার্ভিস রাস্তায় পানি উঠে যায়। ফলে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। মাঝে মাঝে চালক ও যাত্রীরা দুর্ঘটনার শিকার হন।
অন্যদিকে সেতুসংলগ্ন জমির মালিকদের অভিযোগ, অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ এখনও তারা বুঝে পাননি। জমির মালিক ওয়াহেদ মৃধার ছেলে আলমগীর মৃধা বলেন, আমাদের জমি অধিগ্রহণের টাকা এখনও পাইনি। কিছুদিন আগে কাগজ হাতে পেয়েছি। আমরা চাই সেতু হোক, কিন্তু তার আগে আমাদের ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হোক।
স্থানীয়দের দাবি, সেতু নির্মাণে তাদের কোনো বিরোধিতা নেই। তবে জমি অধিগ্রহণের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। উন্নয়নের নামে জমির মালিকদের অধিকার যেন উপেক্ষিত না হয়, সেটিই তাদের প্রত্যাশা।
কলাতলা-নিলখী সেতু
তিনটি সেতুর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প কলাতলা-নিলখী সেতু। আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণাধীন ৬৭০ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৮৩ মিটার প্রস্থের সেতুটির নির্মাণ ব্যয় প্রায় ৯৮ কোটি টাকা। এলজিইডির তত্ত্বাবধানে ২০২৩ সালের ১ অক্টোবর কাজ শুরু হয়।
নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ নিয়ে জটিলতায় সেতুটির নির্মাণকাজ বাধাগ্রস্ত হচ্ছে। বিভিন্ন তথ্যে প্রকল্পটির অগ্রগতি ৩৫ শতাংশের মধ্যে উল্লেখ করা হয়েছে।

সেতুটি নির্মিত হলে শিবচর ও রাজৈর উপজেলার মধ্যে যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। রাজৈর, টেকেরহাট বন্দর এবং গোপালগঞ্জের মুকসুদপুর থেকে শিবচরে যাতায়াতের দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণেও তৈরি হবে নতুন সম্ভাবনা। কিন্তু সেই সম্ভাবনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণসংক্রান্ত বিরোধ। জমির মালিকদের দাবি, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত না করেই তাদের জমিতে নির্মাণকাজ চালানো হচ্ছে।
ভুক্তভোগীদের পক্ষে আফজাল শিকদার বলেন, এ এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। ক্ষতিগ্রস্ত জমিগুলো সরকারিভাবে অধিগ্রহণ করা হলে অন্তত ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার একটি সম্ভাবনা থাকত। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে সেই আশাও অনিশ্চিত হয়ে পড়েছে। একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর সমাধান মেলেনি।
দপ্তরে দপ্তরে চিঠি, মাঠপর্যায়ে থমকে কাজ
এলজিইডি সূত্রে জানা গেছে, সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের প্রস্তাব ও কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে অধিগ্রহণ প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্পন্ন না হওয়ায় নির্মাণকাজ এগিয়ে নিতে সমস্যা হচ্ছে। ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগে নির্মাণকাজ শুরু করায় জমির শ্রেণি, মূল্য নির্ধারণ ও মালিকানাসংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে।
শিবচর উপজেলা প্রকৌশলী মো. ইমন মোল্লা বলেন, ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার কারণে তিনটি সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হচ্ছে। এতে প্রকল্পের অগ্রগতি যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ মানুষও দুর্ভোগের শিকার হচ্ছেন।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করে ভূমি অধিগ্রহণের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। জটিলতা নিরসন হলে বন্ধ থাকা নির্মাণকাজ পুনরায় শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দ্রুত কাজ এগিয়ে নিতে তারা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সংশ্লিষ্ট এলাকায় কিছু জমির প্রকৃতি ও নদীর সীমানা নিয়ে জটিলতা রয়েছে। এ কারণে অধিগ্রহণের কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা নিরসনে কার্যক্রম চলমান রয়েছে। তবে জমির শ্রেণি, মূল্য নির্ধারণ ও প্রয়োজনীয় অনুমোদনের বিষয়গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ক্ষেত্রে নির্মাণকাজ স্বাভাবিক গতিতে চালানো কঠিন।
