হাসপাতালে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ কারাগারে বন্দি থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নবাবের (৫৮) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
জাকির হোসেন নবাব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বগুড়া জেলা সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় এশিয়া পোস্টকে জানান, বিস্ফোরক দ্রব্যের মামলায় গ্রেপ্তার হয়ে জাকির হোসেন নবাব নওগাঁ কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার সকালে তিনি কারাগারের ভেতরে অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে তার মৃত্যুর খবর পাওয়া যায়। হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে জাকির হোসেন নবাবের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার পরিবার ও অনুসারীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
