logo
Advertisement

১১ দলের লংমার্চের নিরাপত্তায় হাটিকুমরুল এলাকায় ৫০০ পুলিশ মোতায়েন

১১ দলের লংমার্চের নিরাপত্তায় হাটিকুমরুল এলাকায় ৫০০ পুলিশ মোতায়েন
সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় তৈরি করা হয়েছে অস্থায়ী সভামঞ্চ। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় মোতায়েন করা হয়েছে ৫০০ পুলিশ সদস্য।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ সংলগ্ন বগুড়া মহাসড়কে স্বাগত জানানো হবে। সেখানে অস্থায়ী সভামঞ্চ তৈরি করা হয়েছে।

লংমার্চের গাড়িবহর ১২টার দিকে হাটিকুমরুলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পথসভা ও জোহরের নামাজের বিরতি থাকবে।

জেলা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, লংমার্চ ঘিরে হাটিকুমরুল ও আশপাশের এলাকায় প্রায় ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। গাড়িবহরের চলাচল, পথসভাস্থল, গুরুত্বপূর্ণ মোড় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

লংমার্চ ঘিরে মঞ্চে মাইক স্থাপনের পাশাপাশি এক দিনের জন্য বৈদ্যুতিক মিটারের ব্যবস্থাও করা হয়েছে। হাটিকুমরুলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ও ব্যবস্থাপনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। পানি সরবরাহ, শৃঙ্খলা রক্ষা ও আগতদের সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৫০টি অস্থায়ী শৌচাগার স্থাপন করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, লংমার্চ ঘিরে আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, লংমার্চ উপলক্ষে হাটিকুমরুলে প্রায় এক লাখ মানুষের সমাগম হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আগতদের সহযোগিতার জন্য এক হাজার স্বেচ্ছাসেবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি, সুষ্ঠুভাবে লংমার্চের কর্মসূচি সম্পন্ন হবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।