যুবদল কর্মীকে গুলি করে হত্যা, প্রধান অভিযুক্ত ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

খুলনার রূপসায় ইটভাটার অফিসে ঢুকে যুবদল কর্মী ফখরুল ইসলামকে (৩২) গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ও কথিত শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-৬। রোববার (১৬ আগস্ট) রাত ৩টার দিকে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ জানায়, স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩, যশোর ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে দাবি র্যাবের। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।
জানা গেছে, গত ১২ আগস্ট রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকসের অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফখরুল যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। তার দুটি মেয়ে রয়েছে।
স্বজনরা জানান, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের মালিকানাধীন। ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার অফিসে অবস্থান করছিলেন।
এ ঘটনায় নিহত ফখরুলের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আবদুর রাজ্জাক বলেন, রূপসা এলাকায় সংঘটিত একটি হত্যা মামলায় র্যাব একজন আসামিকে গ্রেপ্তার করেছে। তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব-৬।


