ফরিদপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের নাসির মোল্যা (২৬), ফরিদপুরের বোয়ালমারীর লঙ্কারচর এলাকার সৈকত চন্দ্র (২৬) এবং একই গ্রামের নাসির মোল্যা (৩৬)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী স্থানীয় গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। মোবাইল ফোনে প্রথম আসামি নাসির মোল্যার সঙ্গে তার পরিচয় হয়। ২০২০ সালের ২৮ জানুয়ারি রাতে দেখা করার কথা বলে তাকে বাড়ির কাছাকাছি ডেকে নেওয়া হয়। সেখানে অন্য আসামিদের সহায়তায় তাকে জোরপূর্বক মধুমতি নদীর তীরে একটি নৌকায় তুলে নেওয়া হয়।
পরে নদীর চরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় এবং নির্যাতনের ভিডিও ও ছবি ধারণ করা হয়। একপর্যায়ে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে রাত ১১টার দিকে তাকে বাড়ির কাছে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়। স্বজনদের কাছে ঘটনাটি জানালে পরদিন ২৯ জানুয়ারি বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি শিশু নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।



