১৫ আগস্ট ঘিরে কালো পোশাকে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৫ আগস্ট উপলক্ষে এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবিতে সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় ছাত্রলীগের একাংশের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন স্থানীয় ছাত্রলীগ নেতা মৃণাল মণ্ডল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাইপাস সড়ক এলাকায় হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া কিছু নেতাকর্মীদের পরনে ছিল কালো রঙের পোশাক এবং অনেকের মুখে ছিল মাস্ক। তারা ১৫ আগস্ট স্মরণ ও শেখ হাসিনার প্রত্যাবর্তনসংক্রান্ত বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি সড়কের কিছুটা অংশ অতিক্রম করার পর দ্রুত শেষ হয়ে যায়।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। তবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে জেলা বাইপাস সড়ক ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।



