logo

সাজা এড়াতে ৬ বছর পলাতক

সাজা এড়াতে ৬ বছর পলাতক

অর্থ আত্মসাৎ ও প্রতারণার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত আবু হেনা মোস্তফা জামান পলাতক ছিলেন ৬ বছর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রংপুর মহানগরী থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে লালমনিরহাট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার আবু হেনা মোস্তফা জামান লালমনিরহাট শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের সাবেক সহকারী অধ্যাপক।

মামলা সূত্রে জানা গেছে, চাকরি দেওয়ার নাম করে নিজের কলেজের সাবেক ছাত্র শরিফুল ইসলামের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেন এই শিক্ষক। জামানত হিসেবে তিনি নিজের ব্যাংক চেক ও স্ট্যাম্প দিলেও পরে চাকরি দিতে ব্যর্থ হন এবং টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় শরিফুল ইসলাম মামলা করলে ২০১৯ সাল থেকেই ওই শিক্ষক কলেজে আসা বন্ধ করে আত্মগোপনে চলে যান। ২০২৩ সালের ৩১ জুলাই তৎকালীন যুগ্ম দায়রা জজ তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সজিব জানান, আবু হেনা মোস্তফা জামানের বিরুদ্ধে মোট ৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর মধ্যে ৪টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। আমরা তাকে রংপুর থেকে গ্রেপ্তার করেছি।