Advertisement

বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখননের উদ্বোধন প্রধানমন্ত্রীর

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখননের উদ্বোধন প্রধানমন্ত্রীর
নিজ হাতে মাটি কেটে দরিরামপুর ধরার খাল পুনঃখননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা দরিরামপুর ধরার খাল ৪৭ বছর পর পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নিজ হাতে মাটি কেটে শ্রমিকদের মাথায় তুলে দেন।

শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটে ময়মনসিংহের ত্রিশালের বৈলর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামের ধরার খাল পুনঃখননের উদ্বোধন করেন তিনি।

এর আগে, এদিন বেলা ১১টা ৫ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি সড়কপথে যাত্রা শুরু করেন।

পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদ্বোধন করবেন। জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ময়মনসিংহের ত্রিশালে ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর ব্যক্তিগত পরিদর্শনে আসেন এবং স্থানীয় ‘ধরার খাল’ বা বৈলর খাল পরিমাপ ও খনন কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। তবে ১৯৭৬ থেকে ১৯৭৭ সালের দিকে তিনি দেশব্যাপী যে ব্যাপকভিত্তিক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, তার অংশ হিসেবে ত্রিশালের এই খালটিও খনন করা হয়েছিল।

২০০৬ সালের পর এবারই প্রথম জাতীয়ভাবে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ উৎসবকে কেন্দ্র করে নজরুল একাডেমি মাঠে বসেছে বিশাল গ্রামীণ মেলা ও নজরুল বইমেলা। পাঁচ শতাধিক স্টল বসানো হয়েছে সেখানে।