মাদক বিক্রি ও হানিট্র্যাপের অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন

শরীয়তপুরে মাদক বিক্রি ও হানিট্র্যাপের অভিযোগে সুলতানা আক্তার মলি নামে এক নারীকে মাথার চুল কেটে, জুতার মালা পরিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের খবর পাওয়া গেছে।
শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং শাবনুর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সুলতানা আক্তার মলি দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিকে পরকীয়ার জালে ফাঁসিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ বিষয়ে এলাকার লোকজন তাকে একাধিকবার সতর্ক করেন। কিন্তু কোনো সুরাহা মেলেনি। সবশেষ আজ সকালে সে ঢাকা থেকে বাড়িতে এলে স্থানীয়রা তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। একপর্যায়ে মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে রাখেন তারা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
স্থানীয় বাসিন্দা মৌসুমি আক্তার বলেন, সুলতানা আক্তার মলি মাদক কারবারের সঙ্গে জড়িত। সে বিভিন্ন মানুষকে পরকীয়ার জালে ফেলে অর্থ আত্মসাৎ করে। আমার বাবার সঙ্গেও এমন করেছে। এলাকার লোকজন তাকে অনেকবার সতর্ক করেছে। তবুও সে তার কাজ চালিয়ে যাচ্ছে। তাই এলাকার লোকজন আজ তাকে বেঁধে পুলিশে দিয়েছে।
অভিযোগ অস্বীকার করে ভুক্তভোগী সুলতানা আক্তার মলি বলেন, আমি মাদক কারবারের সঙ্গে জড়িত নই। দেলোয়ার দপ্তরির সঙ্গে আমার লেনদেন ছিল। কিন্তু তার বউ মনে করত, আমাদের মধ্যে পরকীয়া সম্পর্ক আছে। পরকীয়া থাকলে তো দুজনেই দোষী। আমাকে এভাবে কেন মারল।
প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন মলি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি মাদক বিক্রির অভিযোগে এক নারীকে আটকে রাখা হয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

