logo

ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মাহিন্দ্রায় থাকা নারী ও শিশুর

ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মাহিন্দ্রায় থাকা নারী ও শিশুর

ময়মনসিংহে যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ শহরতলীর শম্ভুগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন রাবিয়া খাতুন ও ১৭ মাস বয়সি শিশু তৌফিক। তারা মাহিন্দ্র পরিবহনের আরোহী।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, একটি যাত্রীবাহী মাহিন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জ এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে যায়, ঘটনাস্থলেই শিশুসহ নারীর মৃত্যু হয়। এ সময় আহত তিনজকে আশপাশের লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।