সম্প্রীতির মধ্য দিয়ে পাহাড়ে ঈদ উদযাপিত হবে: দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পবিত্র ঈদুল ফিতর অনেক বড় একটি উৎসব। পার্বত্য এলাকায় পাহাড়ি-বাঙালি সবাই এই উৎসব সার্বজনীনভাবে সম্প্রীতির মাধ্যমে পালন করে থাকে। শান্তিপূর্ণভাবে সবাই যাতে উৎসব পালন করতে পারে তার জন্য সরকার কাজ করছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাঙমাটির মাতৃমঙ্গল এলাকায় ব্যবসায়ী সাহাব উদ্দিনের পরিবারের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীপেন দেওয়ান বলেন, পাহাড়ে যেমন বিজু, দুর্গাপূজা উদযাপিত হয়, তেমনি আনন্দ ও সম্প্রীতির সঙ্গে পবিত্র ঈদুল ফিতর যাতে উদযাপিত হয় সেই ব্যাপারে প্রশাসন সজাগ রয়েছে। আমাদের একতাই হবে আমাদের শক্তি। সকল সামাজিক উৎসব যাতে সম্প্রীতির বন্ধন হতে পারে এটির দৃষ্টান্ত হবে ঈদুল ফিতরে।
তিনি আরও বলেন, পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালি সম্প্রীতি নিয়ে শান্তিপূর্ণ অবস্থানে বসবাস করছে। এই সম্প্রীতিকে অটুট রেখে আগামীতে সকল সম্প্রদায়ের মানুষের সামাজিক উৎসবগুলো সার্বজনীনভাবে পালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান পার্বত্যমন্ত্রীর।
এ সময় এক হাজার পরিবারকে চাল-ডাল আলু, চিনি, সেমাই, তেলসহ প্রায় আট প্রকারের ইফতার সামগ্রী প্রদান করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন বলেন, প্রতি বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের পরিবারের পক্ষ থেকে এলাকার দরিদ্র পরিবারের জন্য ইফতার সামগ্রী বিতরণ করি। এ বছরও প্রায় এক হাজার পরিবারকে এই সামগ্রী তুলে দেওয়া হয়েছে। যাতে করে সবাই খুশি মনে তাদের রোজা, ঈদ সুন্দর এবং আনন্দের সহিত পালন করতে পারে।
এ সময় বিএনপি নেতা মানস মুকুর চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন, মসজিদের ঈমাম মাওলানা হারুন, হাফেজ মো. আফসার উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।