আ.লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর

নাটোরে প্রয়াত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাসভবনে অতর্কিত হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির প্রধান ফটকের কাচ, সিসিটিভি ক্যামেরা ও বাইরের আলোকসজ্জার বাতি ক্ষতিগ্রস্ত হয়।
রোববার (৯ আগস্ট) দুপুরে গুরুদাসপুর পৌরসভার কাছারিপাড়া এলাকায় অবস্থিত প্রয়াত এই নেতার বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।
অধ্যাপক আব্দুল কুদ্দুস নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন। ২০২৩ সালের ৩০ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলের একটি বহর নিয়ে একদল লোক ওই বাড়ির সামনে আসে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট ও মুখাবয়ব ঢাকা একদল যুবক বাড়ির ফটকে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। একপর্যায়ে তারা প্রাচীরের ওপর দিয়ে বাড়ির ভেতরেও ইটপাটকেল ছোড়ে।
এ বিষয়ে জানতে আব্দুল কুদ্দুসের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে, শনিবার রাতেও নাশকতার মামলায় কারাগারে থাকা গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, ওই রাতে বাসা থেকে নগদ দেড় লাখ টাকা ও প্রায় সাত ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুদাসপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিয়াজ হাসান জানান, একটি মিছিল যাওয়ার পথে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের মতো ঘটনার খবর তারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)


