logo

সুনামগঞ্জের সীমান্তবর্তী ৪২ পূজামণ্ডপে নিরাপত্তায় বিজিবির ৮ প্লাটুন

সুনামগঞ্জের সীমান্তবর্তী ৪২ পূজামণ্ডপে নিরাপত্তায় বিজিবির ৮ প্লাটুন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তে একটি পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় পূজারী ও ভক্তদের সঙ্গে কথা বলেন বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। ছবি: এশিয়া পোস্ট

সনাতন ধর্মাবলম্বীরা যাতে উৎসবমুখর পরিবেশে, নিরাপদে ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সেই লক্ষ্যে সুনামগঞ্জ সীমান্ত এলাকাসহ ৪২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে অতিরিক্ত ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তে অবস্থিত সকল পূজামণ্ডপে বিজিবি সার্বক্ষণিক টহল দেবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ সীমান্তের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের কাইতকোনা, কাশিপুর ও আমড়াগড়া সার্বজনীন দুর্গা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি মণ্ডপের পূজারী এবং উপস্থিত স্থানীয় ভক্তদের সঙ্গে কুশল বিনিময় ও কথা বলেন।

বিজিবি অধিনায়ক বলেন, দুর্গাপূজা উপলক্ষে সীমান্তের নিরাপত্তা জোরদারে একটি বেসক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখান থেকে সার্বক্ষণিক নজরদারি ও টহল পরিচালনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। পাশাপাশি যে কোনো ধরনের অপপ্রচার, অপতৎপরতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আগামী ২২ অক্টোবর পর্যন্ত সীমান্তে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং আইনশৃঙ্খলা সুরক্ষায় বিজিবির গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সেলিম রানা, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন খাঁ, কাইতকোনা-কাশিপুর-আমড়াগড়া সার্বজনীন দুর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি খিরোদ হাজং, সাধারণ সম্পাদক তমাল হাজংসহ পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।