logo
Advertisement

চিত্রনায়িকা মুনের বাসায় চুরি, মালামালসহ চারজন গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ,মুন্সীগঞ্জ
চিত্রনায়িকা মুনের বাসায় চুরি, মালামালসহ চারজন গ্রেপ্তার
চুরি হওয়া মালামালসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরে চিত্রনায়িকা জাকিয়া মুনের বাসায় চুরির ঘটনায় চোরাই মালামালসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শ্রীনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দামলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

Advertisement

গ্রেপ্তার আসামিরা হলেন দামলা এলাকার মো. সামির শেখ, মো. শরীফ মীর, জসুরগাঁও এলাকার রফিকুল ইসলাম ও শ্যামসিদ্দি এলাকার ফিরোজ।

পুলিশ জানায়, চিত্রনায়িকা জাকিয়া কামাল মুনের বাসার কেয়ারটেকার রিটন মিয়া অভিযোগ করেন, গত ২৮ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে কোনো এক সময় মুনের বাসা থেকে প্রায় ৩ লাখ ৫২ হাজার টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রটির সদস্যদের গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া আইপিএসের একটি ব্যাটারি, একটি আইপিএস মেশিন, দুটি ফ্যান এবং একটি প্রজেক্টর উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।