বিয়ের দাবিতে নয়, মানসিক সমস্যায় বিদ্যুতের টাওয়ারে উঠেছিলেন তুহিন

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে আড়াই লাখ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের চূড়ায় উঠে বসে থাকা যুবক তুহিন হোসেন মানসিক সমস্যায় ভুগছেন। মানসিক অসুস্থতার কারণে তিনি মাঝেমধ্যে এমন অস্বাভাবিক আচরণ করেন। বিয়ের দাবিতে তিনি বিদ্যুতের টাওয়ারে উঠেছিলেন বলে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিম হোসেন মিন্টু এশিয়া পোস্টকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে নরেন্দ্রপুর গ্রামের পশ্চিম মাঠপাড়ার বিলের মধ্যে অবস্থিত আড়াই লাখ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি টাওয়ারের চূড়ায় উঠে বসেন তুহিন। এসময় স্থানীয় কৃষকরা তাকে টাওয়ারের ওপর দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা। তবে নানা চেষ্টা করেও তাকে নিচে নামানো সম্ভব হয়নি। পরে খবর দেওয়া হয় যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। প্রশাসনের পক্ষ থেকে তাকে নিরাপদে নামিয়ে আনতে দীর্ঘ সময় চেষ্টা চালানো হয়। শেষ পর্যন্ত সন্ধ্যায় প্রশাসনের লোকজন ঘটনাস্থল ত্যাগ করার পর তুহিন নিজেই টাওয়ার থেকে নেমে আসেন।
প্যানেল চেয়ারম্যান আজিম হোসেন মিন্টু জানান, তুহিন নরেন্দ্রপুর গ্রামের মাঠপাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। বাবার মৃত্যুর পর মা, তিন বোন ও ছোট ভাইয়ের লেখাপড়া এবং সংসারের দায়িত্ব সামলাতে তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ শুরু করেন। একপর্যায়ে মণিরামপুরের গাবখালীতে কোনো একটি কারণে তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। এরপর প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তিনি মানসিক সমস্যায় আক্রান্ত হন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
তিনি আরও বলেন, এরপর থেকে তুহিন বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানের বিদ্যুতের টাওয়ারে উঠে পড়েন। গত বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট চলাকালেও পতাকা নিয়ে একটি বিদ্যুৎ টাওয়ারে উঠেছিলেন তিনি। এর আগেও নড়াইলে একইভাবে বিদ্যুৎ টাওয়ারে উঠে বসেছিলেন।
আজিম হোসেন মিন্টু বলেন, তুহিনের পরিবারটি অত্যন্ত অসচ্ছল। তার উপার্জনের ওপরই পরিবারের সদস্যরা নির্ভরশীল। যথাযথ চিকিৎসা ও সহযোগিতা পেলে তুহিন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে তুহিনের চিকিৎসার দায়িত্ব নিতে সহযোগিতার আহ্বান জানান তিনি।
