সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলিবর্ষণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলির জবাবে পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে। বিজিবির দৃঢ় ও পেশাদারি পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল নাজমুর হক বলেন, সীমান্তে উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পাল্টা জবাব দিতে সবসময় প্রস্তুত রয়েছে। বিজিবি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।
