শিশুকে মারধরের অভিযোগে পুলিশ ফাঁড়ি ঘেরাও

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় এক শিশুকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা কোটবাড়ি পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে দক্ষিণ বাগমারা এলাকায় কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) টিটু কুমার নাথের বিরুদ্ধে মো. হোসাইন নামে এক শিশুকে মারধরের অভিযোগ ওঠে।
পরে সন্ধ্যার দিকে কয়েকশ মানুষ ফাঁড়ির সামনে জড়ো হয়ে এসআইয়ের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা ফাঁড়িটি ঘেরাও করে রাখেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ওই শিশুর বাবা আবুল হোসেন বলেন, বিনা কারণে আমার ছেলেকে বুট দিয়ে লাথি ও কিল-ঘুসি মেরে আহত করেছে। আমি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।