logo

রাতে পথচারীর ব্যাগ ছিনতাই, সিসি ক্যামেরার ভিডিও ভাইরাল

রাতে পথচারীর ব্যাগ ছিনতাই, সিসি ক্যামেরার ভিডিও ভাইরাল
সিসি ক্যামেরার ফুটেজ। ছবি : ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট কাঁচাবাজার এলাকার একটি গলিতে গভীর রাতে এক পথচারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে ঘটনার ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে, শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার ব্যক্তির নাম কাজী রফিকুল ইসলাম মনির (৬০)। তিনি নগরের আতুরার ডিপো এলাকার খাজা ফার্মেসির স্বত্বাধিকারী। তার কাঁধে ঝোলানো ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়। ব্যাগে প্রায় চার হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মনির গলির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। তার পেছনে টি-শার্ট পরা এক তরুণও হাঁটছিলেন। এ সময় বিপরীত দিক থেকে চালকসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা আসে। অটোরিকশাটির সামনে দিয়ে আরও দুই যুবক হেঁটে আসছিলেন।

মনিরের কাছাকাছি পৌঁছেই ওই দুই যুবক তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় পেছনে থাকা তরুণটি দৌড়ে সরে যান। হামলাকারীরা মনিরের কাঁধ থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে অটোরিকশায় উঠে পালিয়ে যান। ঘটনার আকস্মিকতায় মনির প্রথমে কিছুটা সামনে এগিয়ে যান। পরে ‘ধর ধর’ বলে অটোরিকশাটির পেছনে দৌড়ান। ভিডিওতে আশপাশে লোকজন দেখা গেলেও তাকে সহযোগিতা করতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশের টহল দল নিয়মিত অলিগলিতে দায়িত্ব পালন করে। ঘটনার পর কেউ থানায় অভিযোগ করেননি। শনিবার সকালে ফেসবুকে ভিডিওটি দেখার পর পুলিশ সদস্যদের পাঠিয়ে ভুক্তভোগীকে খুঁজে বের করা হয়। তাকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।