ফলাফল শিটে আগেই স্বাক্ষর নেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি অভিযোগ করেন, মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগাম ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
আবিদুর রহমান সোহেল দাবি করেন, প্রথম থেকেই বলে আসছি, রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতদুষ্ট। একটি দলের প্রতি দুর্বল হয়ে দলীয় প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, নামুজা এলাকায় তার এক কর্মীকে মারধর করা হয়েছে এবং পাঁচবাড়িয়া এলাকায় নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। কয়েকটি কেন্দ্রে তার সমর্থকদের তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
নারী ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে উল্লেখ করে এই প্রার্থী বলেন, নির্দিষ্ট কিছু কেন্দ্রে ‘ইঞ্জিনিয়ারিং’ করে ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে।
প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনের কিছু অংশ দায়িত্বশীল আচরণ করলেও রিটার্নিং কর্মকর্তা ‘ম্যানেজড’ হয়েছেন বলে তার অভিযোগ। তবে এসব পরিস্থিতির মধ্যেও তিনি ভোট বর্জন করবেন না বলে জানান।
রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, জামায়াত প্রার্থীর কোন অভিযোগ এখনও পাইনি৷ তার কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের জানালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।