logo

লাউয়াছড়ায় সড়কে গাছ পড়ে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
লাউয়াছড়ায় সড়কে গাছ পড়ে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ
ছবি: এশিয়া পোস্ট

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অতিবৃষ্টির কারণে আচমকাই সড়কের ওপর উপড়ে পড়ে একটি বিশাল চাপালিশ গাছ। ব্যস্ত এই সড়কে মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে অতিবৃষ্টির কারণে সড়কে গাছ উপড়ে পড়ে। এর ফলে সড়কের দুপাশেই আটকা পড়ে অসংখ্য যানবাহন। দূর-দূরান্ত থেকে আসা যাত্রী ও পর্যটকদের পোহাতে হয় চরম দুর্ভোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান বনকর্মী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

যৌথ প্রচেষ্টায় গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে যান চলাচল আবারও স্বাভাবিক হয়।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।