logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ ও ১৪টিতে ছুটি

আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ ও ১৪টিতে ছুটি

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আজও আশুলিয়ার ২০টি কারখানা বন্ধ এবং ১৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ১০টি প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। বাকি কারখানার শ্রমিকদের নির্বিঘ্নে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেন এবং উৎপাদন কার্যক্রম সচল রাখেন। তবে দিনের শুরুতে অন্তত ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। এর মধ্যে শারমিন গ্রুপ ও অনন্ত গার্মেন্টসের মতো বড় দুটি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকরাও আংশিক কর্মবিরতিতে রয়েছেন।

Advertisement

শিল্পাঞ্চলে শৃঙ্খলা রক্ষা ও সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে হামীম, এনভয় ও নিট এশিয়াসহ অন্তত ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় পাইওনিয়ার ক্যাজুয়াল ওয়্যার, দি রোজ ড্রেসেস ও স্টারলিং ক্রিয়েশনসহ ১২টি কারখানায় সাধারণ ছুটি এবং দুটি প্রতিষ্ঠানে মৌখিকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, মজুরি বোর্ডের সর্বশেষ সভায় ন্যূনতম মজুরি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় কিছু শ্রমিকের মধ্যে অসন্তোষ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। মজুরি নির্ধারণের প্রক্রিয়া ও প্রস্তাবিত অঙ্ক নিয়ে কেউ যেন গুজব ছড়িয়ে শিল্পাঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সে জন্য পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ শান্ত রয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।