কুষ্টিয়া/এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর নৌকা ও সাউন্ড ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বৈঠক

শুক্রবার এলেই কুষ্টিয়ার গড়াই নদীতে শত শত আলোকসজ্জিত নৌকায় উচ্চ শব্দে গান-বাজনা ও নাচের আসর বসে। বিনোদনের আড়ালে মাদক সেবন ও উশৃঙ্ঙ্খলতার অভিযোগও রয়েছে। পাশাপাশি হরিপুর সংযোগ সেতুতে দর্শনার্থীদের ভিড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন হরিপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ।
এ নিয়ে গত শনিবার (৫ সেপ্টেম্বর) ‘গড়াই নদীতে উচ্চ শব্দে নাচ-গান, ভোগান্তিতে লাখো মানুষ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্ট। সংবাদ প্রকাশের পর পদ্মা ও গড়াই নদীতে উচ্চস্বরে গান-বাজনা এবং অশ্লীলতা প্রতিরোধে নৌকা ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সভায় জেলার নৌকা ব্যবসায়ী, সাউন্ড সিস্টেম ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের পদ্মা ও গড়াই নদী এবং হরিপুর সেতুকেন্দ্রিক উচ্চস্বরে গান-বাজনা ও অশ্লীলতা প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।
বিশেষ করে সন্ধ্যার পর নৌকা চলাচল বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার বলেন, নদীতে বিনোদনের নামে যেন উচ্চ শব্দে গান-বাজনা, অশ্লীলতা, মাদক সেবন বা কোনো ধরনের উশৃঙ্খলতা না হয়, সে বিষয়ে নৌকা ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ জাকির হোসেন, ডিআইও-১ (ডিএসবি) এবং জেলার নৌকা ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রতি শুক্রবার বিকেল থেকে গড়াই নদীতে আলোকসজ্জিত নৌকায় উচ্চ শব্দে গান-বাজনার আয়োজনকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষ নদীর পাড় ও হরিপুর সেতু এলাকায় জড়ো হন। এতে সেতুতে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। এশিয়া পোস্টে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে নৌকা ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করা হলো।


